জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে ‘কারেন’ পরিবারের অবদান অবিস্মরণীয়। সেই ইতিহাসের পাতায় যুক্ত হলো নতুন এক নাম। ওমানের বিপক্ষে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। তার পরিবর্তে জিম্বাবুয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন বাঁহাতি ব্যাটার বেন কারেন। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতানো স্যাম কারেন এবং টম কারেনের আপন ভাই তিনি। কেভিন কারেন ছিলেন জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ও কোচ। বড় ছেলে টম ও ছোট ছেলে স্যাম ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতালেও, মেজ ছেলে বেন তার শিকড়ে ফেরার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট ছেড়ে জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্ন নিয়ে তিনি কয়েক বছর আগে দেশটিতে ফিরে আসেন। এবার সরাসরি বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা করে নিলেন তিনি।
গত ৯ই ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান ৪০ বছর বয়সী ব্রেন্ডন টেলর। আইসিসির টেকনিক্যাল কমিটি গতকাল বেন কারেনকে টেইলরের স্থলাভিষিক্ত করার অনুমোদন দেয়। কারেন ইতিমধ্যে জিম্বাবুয়ের হয়ে টেস্ট ও ওয়ানডেতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ওয়ানডেতে তার গড় ৪৮-এর উপরে। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি ক্যারিয়ারসেরা ১১৮* রানের ইনিংস খেলেন।
বড় ভাইয়ের এই অর্জনে উচ্ছ্বসিত ইংল্যান্ড দলে খেলা স্যাম কারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘দারুণ খবর, তোমার জন্য আমি খুব খুশি। কেউ একজন (বাবা কেভিন কারান) ওপর থেকে তাকিয়ে আজ বড় এক হাসি দিচ্ছেন।’
জিম্বাবুয়ে এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের দৌড়ে সুবিধাজনক অবস্থানে আছে।
টেইলরের বদলি হয়ে বিশ্বকাপে বেন কারেন
স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
