ব্যাটারি তৈরির কারখানার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, দুর্ভোগ

ব্যাটারি তৈরির কারখানার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, দুর্ভোগ

ফন্ট সাইজ:

ঢাকার ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রামের জিয়াং সু বিডি স্টোরেজ লিমিটেড নামে ব্যাটারি তৈরির কারখানার বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। ফলে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। জানা গেছে, ঢাকা-আরিচা মহসড়কের লিঙ্করোড ধামরাইয়ের বাথুলি-মহিশাষী সড়কের পাশে বেলিশ্বর গ্রামে গত প্রায় ১৬ বছর আগে একটি ব্যাটারি তৈরির কারখানা গড়ে তুলেন চায়না নাগরিকরা। কারখানার প্রধান ফটকের গায়ে ছোট অক্ষরে ইংরেজিতে লেখা রয়েছে ‘জিয়াং সু বিডি স্টোরেজ লিমিটেড’। তবে নেই কোনো সাইনবোর্ড। দীর্ঘদিন ধরেই সেখানে সিসা পুড়িয়ে বানানো হয় ব্যাটারির প্লেট। এ কারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস বাতাসে মিশে এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে একদিকে যেমন বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতি ও পরিবেশের ওপর; অপরদিকে স্থানীয়রা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্টসহ নানা রোগে। সরজমিন দেখা যায়, কারখানার চুল্লি দিয়ে সিসার বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। এ গ্যাস বাতাসে মিশে ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রামে। বেলীশ্বর গ্রামের বাসিন্দারা জানান, ওই ব্যাটারি কারখানার বিষাক্ত ধোঁয়ার কারণে আমরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়েছি। পাশের মৎস্য খামারের মাছও মারা গেছে। তারা আরও বলেন, এটা বন্ধের বিষয়ে একাধিকবার মানববন্ধন করা হয়েছে। কিন্তু প্রশাসন থেকে জোরালো কোনো ব্যবস্থা নিচ্ছে না। কারখানাটি আমাদের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। কারখানার পাশেই বেলিশ্বর মোহিনী মোহন উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, স্কুলে যাতায়াতের সময় কারখানার নির্গত গ্যাসের উৎকট গন্ধে আমরা অনেক সময় অসুস্থতাবোধ করি। কারখানার কর্তৃপক্ষ জানান, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন নিয়েই আমাদের কারখানায় সিসা গলিয়ে ব্যাটারির প্লেট ও ব্যাটারি তৈরি করা হয়। এতে পরিবেশের কোনো ক্ষতি হয় না।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন