মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিট্কা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. পারভেজ মোল্লাকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাকে সংশোধনের জন্য বরখাস্ত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান শিক্ষক জানান, মো. পারভেজ মোল্লার সঙ্গে এক শিক্ষার্থীর ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। ওই মেয়েটি তার কাছে প্রাইভেট পড়তো। মেয়েটি এখন ওই শিক্ষককে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম রক্ষার স্বার্থে তাকে সাময়িকভাবে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। তাকে সংশোধনের জন্য এটি করা হয়েছে, যাতে এ ধরনের ব্যক্তিগত বিষয় ভবিষ্যতে বিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে। নামপ্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বাবা-মায়ের পরেই একজন শিশুর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলেন স্কুলের শিক্ষক। কিন্তু সেই শিক্ষকই যদি এমন অনৈতিক কাজে জড়িত হন, তাহলে আমরা অভিভাবকরা আমাদের সন্তানদের কীভাবে সুশিক্ষা দেবো? কিছুদিন আগেও এই স্কুলে এমন ঘটনার কথা শোনা গিয়েছিল, আবারো একই ধরনের ঘটনা ঘটছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া উচিত। এ বিষয়ে অভিযুক্ত খণ্ডকালীন শিক্ষক মো. পারভেজ মোল্লা বলেন, ওই শিক্ষার্থী আমাকে ব্ল্যাকমেইল করেছে।
তার কয়েকজন বান্ধবী মিলে আমাকে নানা সময় বিভিন্ন হুমকিও দিয়েছে। আমি ষড়যন্ত্রের শিকার। এ বিষয়ে হরিরামপুর টিচিং ডেভলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি জমাত আলী বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। ইতিপূর্বেও কয়েকটি এ রকম ঘটনা ঘটেছে। শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ সত্যিই দুঃখজনক। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং এসোসিয়েশনের সদস্যদের সতর্ক করা হবে।
শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, খণ্ডকালীন শিক্ষক বরখাস্ত
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
