প্রেমের জেরে ‘ডিবি’ সেজে অপহরণের চেষ্টা, আটক ৬

ফন্ট সাইজ:

ডিবি পুলিশের পরিচয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ৬ জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। আটকরা হলোÑ পলাশ হোসেন প্রকাশ ইউনুছ মিয়া (১৯), মো. শাওন (১৯), পলাশ আহম্মদ (২২), ইমরান হোসেন রিহান (১৯), মিনহাজুল আলম তামিম (১৮) ও আব্দুল আহাদ মেজবাহ (১৯)। আটকদের মধ্যে একজন ফেনী সদর এলাকার ও অন্যরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা বলে জানায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা একটি মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেয়। গত মঙ্গলবার বিকালে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষ্মীয়ারা এলাকায় গিয়ে তারা কৌশলে এক তরুণীকে তুলে নেয়ার পরিকল্পনা করে। একপর্যায়ে ওই তরুণীর বাড়িতে গিয়ে স্বজনদের ভয়ভীতি দেখায়। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা স্থানীয় বিট পুলিশ সদস্যদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় অপহরণ চেষ্টার মামলা করেন। ফেনী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক অনুপ কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানো একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছেÑ প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ওই মাদ্রাসা পড়ুয়া তরুণীকে অপহরণের চেষ্টা করা হয়।
ভুক্তভোগী নারীর বাবার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, প্রেমঘটিত সম্পর্কের জেরে ওই তরুণীকে তুলে নিতে তারা পুলিশের স্টিকার ব্যবহার করেছে। এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকতে হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন