গাইবান্ধার সাঘাটায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় তিনটি ইটভাটাকে মোট ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত বুধবার পরিবেশ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে মেসার্স বি এম কে ২ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স এ আর বি ব্রিকসকে ৪ লাখ টাকা এবং মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানার অর্থ আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অবৈধ ইটভাটার কারণে বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সাঘাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ইটভাটা বন্ধের নির্দেশ, জরিমানা
সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
