ঘোড়াঘাটের তাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা হারিয়েছে অস্তিত্ব

ফন্ট সাইজ:

দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু তাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা’ দুই বছরেই হারিয়েছে তার অস্তিত্ব। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর চালুর ঘোষণা দিলেও কার্যক্রম শুরু হয়নি। উল্টো দীর্ঘ অবহেলা ও নজরদারিহীনতায় ধাপে ধাপে চুরি হয়ে গেছে আনুমানিক ১০/১২ লাখ টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম। স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটি সরাসরি উপজেলা প্রশাসনের তদারকিতে পরিচালিত হতো। গত ২০২৪ সালের ২৫শে মার্চ মাসে বিভিন্ন গণমাধ্যমে বঙ্গবন্ধু তাঁত শিল্প প্রশিক্ষণ কেন্দ্র ও কারখানা নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। সে সময় দায়িত্বে থাকা ইউএনও প্রকাশিত খবরের প্রেক্ষিতে এটি চালুর আশ্বাস দিলেও সরকারি বরাদ্দ ও ফান্ডের অভাবে উদ্যোগটি আর বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে তিনি বদলি হলে পুরো প্রকল্পটি কার্যত অচল হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, প্রশাসনিক তদারকি থাকা সত্ত্বেও প্রকল্পটি ধীরে ধীরে নজরদারির বাইরে চলে যায়। ফলে একদিকে বন্ধ হয়ে যায় সম্ভাবনাময় প্রশিক্ষণ কার্যক্রম, অন্যদিকে অরক্ষিত অবস্থার সুযোগে লোপাট হয়ে যায় সরকারি সম্পদ। স্থানীয় বকুল, রফিকুল, পলাশসহ অসংখ্য বাসিন্দাদের ভাষ্য-আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য গড়ে তোলা সরকারের একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের এই পরিণতি শুধু অবহেলার নয়, বরং দায় এড়ানোর সংস্কৃতিরও প্রমাণ। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত কারখানার এত বড় অঙ্কের সম্পদ চুরি হলেও এখনো পর্যন্ত দায় নির্ধারণ, তদন্ত বা পুনরুদ্ধারের কোনো উদ্যোগ দেখা যায়নি। বর্তমানে কারখানাটি সম্পূর্ণ পরিত্যক্ত। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন বলেন, আমি সদ্য ঘোড়াঘাটে যোগদান করেছি। এখন তাঁত কারখানার কথা কিছুদিন পূর্বে ডিসি স্যারের মাধ্যমে জানতে পেরেছি, এখনো পরিদর্শন করা হয়নি। সেখানকার অবস্থা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন