নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট (ওয়েস্টেজ মালামাল) নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহতরা হলেন- এনায়েতনগর ইউনিয়ন বিএনপি’র ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব (২৩), বিএনপিকর্মী রফিক (৪০) ও স্থানীয় বাসিন্দা আসমাউল হোসেনের ছেলে মাদ্রাসাছাত্র ইমরান হোসেন (১১)। এরমধ্যে রাকিব ও ইমরান গুলিবিদ্ধ হয়েছে। দুইজনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে এবং ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়ার চাঁদনী হাউজিং এলাকার বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেডের ঝুট নামাতেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারীরা। এ নিয়ে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান ও তার অনুসারীদের সঙ্গে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী অন্তত তিনজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, উভয়পক্ষ আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। স্থানীয়রা অভিযোগ করেছেন, ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব রাসেল মাহমুদও কয়েক রাউন্ড গুলি ছোড়েন। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সংঘর্ষের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। মাসুদুর রহমানের পক্ষের এনায়েতনগর ইউনিয়ন বিএনপি’র ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকা সাংবাদিকদের বলেন, মশিউর রহমান রনির অনুসারী এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খাইরুল আলম জসিম ও যুবদলকর্মী অভিসহ লোকজন কারখানার সামনে অবস্থান নিয়ে রাখে। অপর যুবদল নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে তার অনুসারীরা সেখানে পৌঁছালে হামলা চালায়। তিনি আরও বলেন, “আমার ওপরে হামলা চালানো হয়। আমারে বাঁচাতে গেলে আমার ছেলে গুলিবিদ্ধ হয়। তবে, এ বিষয় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, কারখানাটি থেকে আজ ঝুট নামার কথা ছিল। কারখানাটি থেকে যারা বৈধভাবে ঝুট নামাচ্ছিলেন, তাদের ওপর হামলা চালানো হয়। এতে আমি কোনোভাবে জড়িত নই। অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, কোন পক্ষ গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের দু’গ্রুপে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
