বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাড-হক কমিটির সভাপতি হিসেবে তামিম ইকবালের দায়িত্ব গ্রহণকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ দুপুরে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় দেশসেরা এই ওপেনারকে অভিনন্দন জানান। তামিম ইকবালকে শুভেচ্ছা জানিয়ে রাজীব শুক্লা লেখেন,‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার এই নেতৃত্ব বাংলাদেশ ও আন্তর্জাতিক ক্রিকেটে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমি আশা প্রকাশ করছি।’
দেশের ক্রিকেটে গত কয়েকদিন ধরেই অস্থিরতা চলছিল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় বড় ধাক্কা খায়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গতকাল এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। এরপর তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটি গঠন করা হয়।
এনএসসি সূত্র জানিয়েছে, আগের কমিটির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত প্রতিবেদনে ভয়াবহ সব তথ্য উঠে এসেছে। সেখানে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং প্রক্রিয়ায় জালিয়াতি এবং সভাপতি বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। দেশের ক্রিকেটের মর্যাদা রক্ষায় এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই আগের কমিটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এনএসসি। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই অ্যাড-হক কমিটিকে আপাতত আগামী তিন মাসের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

Anwarul Azam
২ মাস আগেCricket is a very tough subject in Bangladesh..whatever it is.we love cricket..no nore..❤️❤️❤️❤️.