ফের ছুরির নিচে নেইমার

ফের ছুরির নিচে নেইমার

ফন্ট সাইজ:

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের সামনে এখন একটাই লক্ষ্য-২০২৬ বিশ্বকাপ। ক’দিন বাদেই ৩৬ বছর পূর্ণ হতে যাওয়া এই তারকার জাতীয় দলে ফেরার পথ যখন কঠিন হয়ে আসছে , ঠিক তখন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ রাঙাতে আরো একবার ‘অস্ত্রোপচার’ করালেন তিনি।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে চোটের কারণে জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। সম্প্রতি ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচেও কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডের বাইরে রেখেছেন। আনচেলত্তির আমলে তো বটেই, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে ফুটবল বিশ্বে বড় প্রশ্ন দেখা দিয়েছিল। তবে সেই সংশয় উড়িয়ে দিতেই আবারও নিজেকে সঁপে দিলেন চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, হাঁটুর পুরনো চোট নতুন করে ভোগাচ্ছিল নেইমারকে। সেই অস্বস্তি থেকে স্থায়ী মুক্তি পেতে তিনি অস্ত্রোপচার করিয়েছেন। এবার চিকিৎসকরা ব্যবহার করেছেন ‘প্লাটিলেট সমৃদ্ধ প্লাজমা’ (পিআরপি) থেরাপি। এটি মূলত একটি পুনর্জন্মমূলক চিকিৎসা পদ্ধতি, যা ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত সারিয়ে তুলতে এবং জয়েন্টের শক্তি বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে।
নেইমার যে বিশ্বকাপকে পাখির চোখ করেই এই ধকল নিচ্ছেন, তার প্রমাণ মিলেছে সান্তোসের কোচ আলেক্সি স্তিভাল কুকার কথায়। তিনি জানিয়েছেন, নেইমার এখন দিন-রাত এক করে কঠোর পরিশ্রম করছেন। কুকা বলেন, ‘ও পুনর্বাসন নিয়ে জানপ্রাণ দিয়ে লড়ছে। শক্তি আর গতি আগের জায়গায় ফিরিয়ে আনতে প্রতিদিন দুটি করে সেশন করছে। ওর পুরো মনোযোগ এখন ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার দিকে।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন