সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ বাকি উপদেষ্টাদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এ লিগ্যাল নোটিশ পাঠান। একে ‘অপরাধমূলক’ কর্মকাণ্ড উল্লেখ করে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও তার সব বিশেষ সহকারী, উপদেষ্টা ও তৎকালীন প্রেস সচিবের বিষয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।
ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, সারা দেশে অকস্মাৎ বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেয়ার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় এ বিষয়ে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্তের দাবি জানান তিনি। একইসঙ্গে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সাবেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, সাবেক উপদেষ্টা নূর জাহান বেগম, সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, সাবেক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি এই আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন ও তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
স্টাফ রিপোর্টার
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
