আগামী ৮ এপ্রিল তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর আমন্ত্রণে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তারা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জারিকৃত এক সরকারি আদেশে এ সফরের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৪ সালের ১ জুন থেকে প্রায় দুই বছর ধরে বাংলাদেশসহ কয়েকটি দেশের শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। এতে বহু কর্মপ্রত্যাশী কর্মী লক্ষাধিক টাকা খরচ করেও মালয়েশিয়া আসতে পারেননি এবং পুরো অর্থ ফেরত না পেয়ে চরম ক্ষতির মুখে পড়েন তারা। এ সংক্রান্ত একাধিক মামলা এখনো পুলিশ, সিআইডি, দুদক ও আদালতে বিচারাধীন।
তবে মন্ত্রীর এ সফরকে ঘিরে মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে আলাপ আলোচনা। একই সঙ্গে দেশের রিক্রুটিং এজেন্সিগুলো উঠেছে সরব হয়ে। অতীতের সিন্ডিকেট ও অতিরিক্ত অর্থ আদায়ের পুনরাবৃত্তি যেন না হয়, সে দাবিতে বিভিন্ন সংগঠন জাতীয় প্রেস ক্লাব ও বিএমইটির সামনে সমাবেশ করেছে।
যদিও অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার পুনরায় চালু করা বর্তমান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। তবে মালয়েশিয়া সরকারের আমন্ত্রণকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন তারা।
তাদের মতে, এই সফর যদি কেবল শ্রমবাজার পুনরুদ্ধার নয়, বরং একটি স্বচ্ছ, নিরাপদ ও টেকসই অভিবাসন ব্যবস্থার ভিত্তিও গড়ে উঠে —তবে মালয়েশিয়া-বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকেও নতুন উচ্চতায় নিয়ে যাবে।
