ওসমানীতে ভর্তি থাকা হাম আক্রান্ত শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

সিলেটে হাম আক্রান্ত দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাম আক্রান্ত হয়ে সিলেটে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, দুই দিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন