এশিয়ান গেমস হকির বাছাইয়ে আজ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলের ড্র করে পয়েন্ট খোয়ালো লাল-সবুজের প্রতিনিধিরা। সেইসঙ্গে এশিয়ান গেমসের টিকিটের অপেক্ষাও বাড়লো ছেলেদের।
ব্যাংককের রয়্যাল থাই এয়ার ফোর্স হকি মাঠে শুরুতেই গোল খেয়ে বসে বাংলাদেশ দল। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জাল খুঁজে নেন মিরনশোখ ওর্তিকবোয়ভ। চতুর্থ ও শেষ কোয়ার্টারে গিয়ে সেটি শোধ দেন আমিরুল ইসলাম। ম্যাচে দুদলই দারুণ কিছু সুযোগ হাতছাড়া করে। বিশেষ করে, ছয়টি পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ।
তবে এখনই এশিয়ান গেমসে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। বাছাইপর্বে ৩ ম্যাচে ১টি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট বাংলাদেশের। সমান পয়েন্ট উজবেকিস্তানেরও। তবে গোল ব্যবধানে এগিয়ে ইতিমধ্যে শেষ চারে নাম লিখিয়েছে উজবেকিস্তান। বাছাইপর্ব থেকে ৯ দলের মধ্যে ৬টি দল যাবে চূড়ান্ত পর্বে। সে হিসেবে পঞ্চম বা ষষ্ঠ হয়েও চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের।
