অতীতের কিংস পার্টির মতো সব প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফন্ট সাইজ:

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অতীতের কিংস পার্টির মতোই এখন আমরা সব প্রক্রিয়া অনুসরণ করা দেখছি। তখন যেই প্রক্রিয়ার মধ্যদিয়ে করা হতো এখন প্রশাসক বসানোর প্রক্রিয়া একই। এর মধ্যদিয়েই স্বৈরাচারের জন্ম হয়। বিগত সময়ে আমরা ফ্যাসিবাদ দেখেছি, এখন আমরা স্বৈরাচারের সকল লক্ষণ দেখতে পাচ্ছি। গতকাল সন্ধ্যায় এনসিপি’র দলীয় কার্যালয়ে গণভোটের গণরায় উপেক্ষা ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশ বাতিল এবং সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, গণভোট হয়েছে সংস্কারের জন্যে। কাঠামোগত সংস্কারের পক্ষেই জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। এই গণভোট যদি আপনারা (বিএনপি) না মানেন, সেদিন থেকেই আমরা এই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবো। এটার জন্য সময় নেবো না। আপনারা আমাদের সকল অর্জন যেমন ধূলিসাৎ করছেন, আমরাও সময় নেবো না।
অভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, ’৬৯-এর অভ্যুত্থান রক্ষা করা যায়নি বলেই ’৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে। আবার ’২৪-এর অর্জন রক্ষা করা না গেলে ২৬-২৭ সালেও অভ্যুত্থান ঘটে যেতে পারে। আমরা এনসিপি শুরু থেকেই বলে আসছি এই সরকারকে সহযোগিতা করতে চাই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে। আপনাদের সদিচ্ছা না থাকার কারণে আমরা সেটা পারছি না। বর্তমান বৈশি^ক সংকটের সময়ে আমরা সকল স্টেকহোল্ডার মিলে কাজ করতে চাই। আমাদের সংসদ সদস্যরা কথা বলতে পারছেন না। গণভোট নিয়ে কথা বলার জন্য নাটকীয়তার মধ্যদিয়ে কথা বলতে পারছেন।
এনসিপি’র মুখপাত্র বলেন, আমাদের দাবি হচ্ছেÑ অধ্যাদেশগুলোকে অবশ্যই আইনে পরিণত করতে হবে। স্থানীয় সরকারসহ যেসব অধ্যাদেশ সময়ের প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতে করা হয়েছে, সেগুলোকে বাতিল করার মাধ্যমে আপনাদের সদিচ্ছা ও কমিটমেন্ট বাস্তবায়ন করুন। সংবাদ সম্মেলনে এনসিপি’র যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, সরোয়ার তুষার, মনিরা শারমিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন