তামিম থেকে আমিরুলদের জীবনের প্রথম ভোট

তামিম থেকে আমিরুলদের জীবনের প্রথম ভোট

ফন্ট সাইজ:

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট উৎসবে বাকিদের মতো যোগ দেন খেলোয়াড়রাও। নিজ এলাকা চট্টগ্রামে ভোট দিয়েছেন তামিম ইকবাল। ৩৬ বছরের জীবনে এবারই প্রথম নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় ক্রিকেট দলের এ সাবেক অধিনায়ক। ঢাকায় ভোটে অংশ নেন ক্রিকেট দলের আরেক সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। নিজ নিজ এলাকা থেকে ভোট প্রদান করেন নুরুল হাসান সোহান, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিনরাও। তামিম ইকবালের মতোই প্রথম ভোট প্রদান করেন যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলামও।

চট্টগ্রাম-৯ আসনের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে গতকাল বেলা সাড়ে ১১টা নাগাদ ভোট দেন তামিম ইকবাল। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের এ সাবেক ওপেনার। তামিম বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই হচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’ এ সময় সেনাবাহিনীর প্রটোকল ছিল তামিমের সঙ্গে। ভোটকেন্দ্রের সার্বিক পরিবেশ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় খুশি তিনি। বিশেষ করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তামিম।
ঢাকা-৯ আসনে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে ভোট প্রদান করেন আশরাফুল। সন্তানদের সঙ্গে নিয়ে ভোট দিতে যান এ সাবেক টাইগার অধিনায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটদানের ছবি পোস্ট করে আশরাফুল লিখেন, ‘সন্তানদের সঙ্গে নিয়ে আজ ভোট দিলাম। দায়িত্ববোধ শেখানো শুরু হয় ঘর থেকেই।’ নিজ এলাকা ফেনী থেকে ভোট দেন সাইফউদ্দিন। তৃপ্ততার কথা জানিয়ে ফেসবুক পোস্টে টাইগার অলরাউন্ডার লিখেন, ‘অবশেষে ভোট দিলাম, যেখানে আমার শৈশব কেটেছে, মাটির গন্ধে বড় হওয়া- সেই চেনা জায়গাতেই। এটি শুধু একটি ভোট নয়, এটি নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি, নিজের দায়িত্বকে অনুভব করার এক নীরব গর্ব।’
হাতে ব্যান্ডেজ নিয়ে নিজের প্রথম ভোট দিয়েছেন অদম্য কাপে খেলা মাহমুদুল হাসান জয়। যদিও সবশেষ ফাইনাল ম্যাচে তিনি নিজে খেলেননি। পরে জানা যায়, চোটের কারণে ছিটকে যান তিনি।
মোরসালিনদের উচ্ছ্বাস, ব্যস্ততা ঋতুপর্ণাদের
ভোট দিতে নিজ জেলা ফরিদপুরে যান জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন। ফরিদপুর-৪ আসনের ভোটার মোরসালিনের ভোটকেন্দ্র ছিল আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। ভোট প্রদান শেষে তিনি বলেন, ‘বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। তেমন সময় লাগেনি ভোট দিতে।’ যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলামও ফরিদপুরের ভোটার। ফরিদপুর-৩ আসনের ভোটার আমিরুলও ভোট দেন প্রথমবারের মতো। তবে ঋতুপর্ণারা ভোট দিতে পারেননি। নারী ফুটবল লীগে শেষ রাউন্ডের ম্যাচ আজ। বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে ঋতুপর্ণাদের রাজশাহী। তাই নারী ফুটবলাররা প্রায় সবাই ক্যাম্পে থাকায় ভোট দিতে পারেননি। অবশ্য জাতীয় দল ও লীগের বাইরে থাকায় সাবিনা, মাসুরারা অবশ্য ভোট দেয়ার সুযোগ পান।
নির্বাচিত সরকারের প্রতি আশা ফারুক-নান্নুদের
ঢাকা-১৩ আসনের কিশলয় স্কুলে ভোট দিতে সস্ত্রীক উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফারুক আহমেদ। ১৭ বছর পর প্রথম ভোট দিয়ে ফারুক জানান, তিনি ঢাকায় আরও খেলার মাঠ চান, যাতে করে নতুন ক্রিকেটাররা উঠে আসতে পারে। মোহাম্মদপুরে ভোট দেয়ার পর নির্বাচিত সরকারের প্রতি একই আশা ব্যক্ত করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দেশের ক্রিকেটে চলমান সমস্যাগুলোর সমাধান তারা করবেন বলে প্রত্যাশা নান্নুর। বিশেষ করে ঢাকার ক্লাবগুলোর মধ্যে দ্বন্দ্ব নিরসনে নির্বাচিত সরকারের ভূমিকার অপেক্ষায় তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন