নড়াইলের লোহাগড়া উপজেলার মাইগ্রাম গাছের বাগান হতে লক্ষাধিক টাকার সেগুন গাছ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাছের মালিক নড়াইলের লোহাগড়া উপজেলার মাইগ্রামের শিক্ষক পীযুষ কান্তি রায় (৪৯) লোহাগড়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত শুক্রবার লোহাগড়া থানায় দেয়া লিখিত অভিযোগে জানা যায়, লোহাগড়া উপজেলার মাইগ্রামের শিক্ষক পীযূষ কান্তি রায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। পেশাগত কারণে তিনি নড়াইল শহরে থাকেন। আর এ সুযোগে বৃহস্পতিবার (২রা এপ্রিল) দিবাগত রাতে কে বা কারা তার গাছের বাগান হতে একটি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যায়। একই গ্রামের প্রতিবেশী মনিরুজ্জামানের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঘটনার সত্যতা পেয়ে তিনি শুক্রবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন চুরি করে কেটে নিয়ে যাওয়া গাছের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এদিকে অনুসন্ধানে গেলে স্থানীয়রা জানান, গাছটির আনুমানিক মূল্য কমপক্ষে ১ লাখ ৫০ হাজার টাকা। গাছটি কাটার পর ওই এলাকার লুটিয়া গ্রামের বেড়িবাঁধের উপর বসবাসকারী নছিমন চালক শাহাবুরসহ কয়েকজন মিলে গাছ অপসারণ করে। গুঞ্জন আছে এ গাছ চুরির নেতৃত্বে রয়েছেন মাইগ্রামের কায়েম ফকিরের ছেলে সবুজ ফকির। সবুজ ফকিরের নেতৃত্বে ওই এলাকায় জুয়া চুরিসহ নানা অপকর্ম সংঘটিত হয়। তার সঙ্গে কতিপয় সন্ত্রাসীর চলাচল থাকায় ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে চায় না। ওই এলাকার একাধিক ব্যক্তি সবুজকে ইঙ্গিত করে বলেন, তার নামেই চুরির মামলা দেয়া উচিত ছিল। কিন্তু আত্মসম্মানের ভয়ে পীযুষ বাবু তার নাম দিতে পারেননি। কিন্তু এলাকাবাসীর নিকট বিষয়টি খুবই স্পষ্ট যে, কে বা কারা চুরি করেছেন। অপর একজন বলেন, নছিমন চালক শাহাবুরকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত চোরচক্রের সন্ধান মিলবে। লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নড়াইলে লক্ষাধিক টাকার সেগুন গাছ চুরির অভিযোগ
নড়াইল প্রতিনিধি
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
