ঝালকাঠির রাজাপুরে মিলন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার দুপুরে পার্শ্ববর্তী এক বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময় উপজেলার পশ্চিম আদাখোলা ঈদগা মসজিদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মিলন পশ্চিম আদাখোলা এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
নিহতের মা ও স্বজনরা জানায়, মিলনের সঙ্গে তার স্ত্রী রোজিনা ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল মীমাংসার কথা ছিল। মিলন দুপুরে দাওয়াত খেতে বাড়ি থেকে রওনা হয়ে আদাখোলা ঈদগা মসজিদ পর্যন্ত আসলে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। মিলনকে তার শ্বশুর আউয়াল, শ্যালক মাসুম, রহিম ও রুবেল মিলে পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিলনকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মিলনের স্ত্রী রোজিনা জানায়, মিলনের সঙ্গে অনেকের সঙ্গে শত্রুতা ছিল। আমার পরিবারের কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মিলনের মৃত্যু হয়েছে। তার শরীরে ১০-১২টি ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কে বা কারা কুপিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজাপুরে যুবককে কুপিয়ে হত্যা
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
