চট্টগ্রামে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ২৮ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছে। পরীক্ষায় আরও চার শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। যাদের মধ্যে দু’জন নগরের এবং দু’জন উপজেলার বাসিন্দা। শনিবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া এই ২৮ শিশুর মধ্যে ২৬ জন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা এবং বাকি দু’জন বিভিন্ন উপজেলার। প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র (ডিসচার্জ) পেয়েছে আরও ২৮ শিশু। এর আগে গত বৃহস্পতিবার (২রা এপ্রিল) হাম সন্দেহে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৮৯ জন রোগী ভর্তি রয়েছে। পরিস্থিতির গভীরতা বুঝতে নতুন করে আরও ৩১টি নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে (এনপিএমএল, আইপিএইচ) পাঠানো হয়েছে। এ নিয়ে জেলা থেকে এ পর্যন্ত মোট ১৮৬টি নমুনা পাঠানো হলো। তবে চট্টগ্রামে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় ১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে, যাদের বাড়ি কক্সবাজার জেলায়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যেসব শিশু এখনো টিকা নেয়নি বা নির্ধারিত দুই ডোজ সম্পন্ন করেনি, তাদের দ্রুত টিকার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় নগরের ঘনবসতিপূর্ণ চারটি এলাকাÑ বাকলিয়া, লালখান বাজার, খুলশী ও চান্দগাঁওÑ হামের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই এসব এলাকা থেকে আসছে। পাশাপাশি নগরের সংলগ্ন হাটহাজারী ও বোয়ালখালী উপজেলাতেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, দুই সপ্তাহ আগেও হাসপাতালে হামের রোগী ছিল না। কক্সবাজার থেকে আসা শিশুদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাসপাতালের হাম ওয়ার্ডে প্রায় ৪০ জন শিশু ভর্তি রয়েছে। তিনি আরও জানান, ভর্তি হওয়া অনেক শিশুই কখনো টিকা নেয়নি। আইসিইউতে চিকিৎসাধীন চার শিশুর মধ্যে দু’জন একবারের জন্যও টিকা পায়নি, যা উদ্বেগজনক।
হাম সন্দেহে চট্টগ্রামে নতুন করে ২৮ শিশু হাসপাতালে ভর্তি, শনাক্ত ৪
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
