সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শাখরা-কোমরপুর সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। ভেঙে যাওয়া লোহার পাটাতন, নড়বড়ে কাঠামো এবং ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, ২০২০ সালের পর থেকে জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা একাধিকবার ব্রিজটি পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে একই দুরবস্থায় পড়ে আছে গুরুত্বপূর্ণ এই যোগাযোগ মাধ্যমটি। জানা যায়, নব্বইয়ের দশকের শুরুতে সাতক্ষীরার লাবণ্যবতী নদীর কুমড়োর খালের উপর নির্মিত এই বেইলি ব্রিজটি ভোমরা স্থলবন্দরসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে দেবহাটা উপজেলার সীমান্তবর্তী এলাকার হাজারো মানুষ প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করে যাতায়াত করেন। শাখরা ও কোমরপুরসহ আশপাশের গ্রামের শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণের জন্য এটি একমাত্র সহজ যোগাযোগ পথ। বর্তমানে ব্রিজটির প্রায় ৫০টি লোহার পাতের মধ্যে অন্তত ৩০টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অনেক জায়গায় পাটাতন ভেঙে গর্ত তৈরি হয়েছে, যার ফলে যানবাহনের চাকা আটকে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পথচারীদের ক্ষেত্রেও ঝুঁকি কম নয়, পা আটকে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে স্থানীয়রা জানান। এলাকাবাসী আরও জানান, এই ব্রিজ দিয়ে শাঁখরা বাজার, ইউনিয়ন ভূমি অফিস, ভোমরা ইউনিয়ন পরিষদ, শাঁখরা-কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা ও পোস্ট অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিদিন মানুষ যাতায়াত করেন। একইসঙ্গে ভোমরা স্থলবন্দরের পণ্য পরিবহনের ক্ষেত্রেও এই ব্রিজটি ব্যবহৃত হয়। ফলে ব্রিজটির বর্তমান নাজুক অবস্থা শুধু জনভোগান্তিই নয়, স্থানীয় অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর শুধু আশ্বাসই শুনছি, কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তখন দায় নেবে কে? পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়, গত অর্ধযুগে একাধিকবার ব্রিজ সংস্কারের ঘোষণা এলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, জনদুর্ভোগ ও ঝুঁকি বিবেচনায় অবিলম্বে ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের উদ্যোগ নেয়া হোক, যাতে নিরাপদে চলাচল নিশ্চিত করা যায়।
বেইলি ব্রিজ সংস্কারে অর্ধযুগের প্রতিশ্রুতি, ঝুঁকিতে জনজীবন
সাতক্ষীরা প্রতিনিধি
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
