ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, হাওরে পানি নিষ্কাশনে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যা বিগত সরকারের সময় শুরু হয়েছিল। তখন অপরিকল্পিতভাবে নির্মিত কিছু সড়কে স্বাভাবিক পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। ফলে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে বর্তমানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এ সংকট নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেয়ার বিষয়টি সরকার পুনরায় পর্যালোচনা করছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ‘সরকারি জলমহাল আইন-২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অত্যন্ত সতর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, ১৯৭৪ সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ছিল অযোগ্যতা ও কিছু ব্যক্তির পরিকল্পিত কর্মকাণ্ডের ফল। তাই বর্তমান সরকার খাদ্য উৎপাদন ও সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও বলেন, সুনামগঞ্জের মানুষ দেশের মোট ধান উৎপাদনের উল্লেখযোগ্য অংশ জোগান দেন। সম্প্রতি সংবাদমাধ্যমে দেখা গেছে, জলাবদ্ধতার কারণে এ অঞ্চলের কাঁচা ধান পানিতে ডুবে যাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নেয়ার নির্দেশ দিয়েছেন। বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রয়োজনে আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে সীমিত রাখা হলেও কৃষকের উৎপাদন নিশ্চিতে হাওরে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হবে। তিনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান এবং এ লক্ষ্যে জনগণের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। কর্মশালার সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ এবং স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
হাওরে পানি নিষ্কাশন প্রতিবন্ধকতা দ্রুত সমাধানের আশ্বাস ভূমিমন্ত্রীর
সুনামগঞ্জ প্রতিনিধি
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
