চাঁদা দাবি করে বসতবাড়ির গেটে তালা দেয়ার ঘটনায় আবু তাহের কালু (৪৬) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালু ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সমাসপুর গ্রামের আবু বক্করের ছেলে। গত শুক্রবার রাতে আটকের পর শনিবার সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম। জানা যায়, একই এলাকার এক প্রবাসীর স্ত্রী হাসিনা আক্তারের কাছে চাঁদা দাবি করলে বিষয়টি ফেনী-৩ আসনের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর হটলাইনে অভিযোগ করেন। পরে বিষয়টি মন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। পরে হাসিনা বাদী হয়ে যুবদল নেতা কালু ও মোহাম্মদ হিরণ (৪৫) নামে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে গত বৃহস্পতিবার দাগনভূঞা থানায় মামলা করেন। হাসিনা জানান, কয়েকদিন আগে কালুর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার বাসায় গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা জানালে কালু ও হিরণসহ কয়েকজন গত বুধবার রাত ১০টার দিকে বসতবাড়ির গেটে তালা লাগিয়ে দেয়। দাবিকৃত চাঁদা না দিলে তার পরিবারকে অপহরণ করে হত্যার হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় মন্ত্রীর হটলাইনে অভিযোগ করলে থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসী বেগম বলেন, এ ঘটনায় কালুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে হিরণ বলেন, সমাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ জোরপূর্বক দখল করে ও ঈদগাহর সীমানা প্রাচীর ভেঙে বসতবাড়ির চলাচলের পথ নির্মাণ ও নিজেদের একক গেট নির্মাণ করে। ঈদগাহ কমিটির নির্দেশে গেটে তালা লাগানো হয়েছে। এর আগে ফেনী-৩ আসনের এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এলাকায় মাদক-চাঁদাবাজিসহ অপরাধ নিয়ন্ত্রণে একটি হটলাইন ও ওয়েবসাইট খোলেন। গেল ২০শে ফেব্রুয়ারি চালু হওয়া হটলাইনে অন্তত ২৫০টি অভিযোগ জমা পড়ে।
পরিবেশমন্ত্রীর হটলাইনে অভিযোগ
চাঁদার দাবিতে বসতবাড়ির গেটে তালা, যুবদল নেতা গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
