সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

ফন্ট সাইজ:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মোহাম্মদ আলী সুজন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুজন উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের আল-জউফ প্রদেশের সাকাকা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। সৌদি আরবে কর্মরত নিহতের মামাতো ভাই মো. সাজন মিয়া মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন। নিহতের স্বজনরা জানান, আট বছর আগে সংসারের সচ্ছলতা ফেরাতে সুজন সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাইট ডিউটিতে যাওয়ার সময় পাঁচ শ্রমিক বহনকারী একটি মাইক্রোবাস চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সুজন মিয়ার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা অপর চারজন গুরুতর আহত হন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত মোহাম্মদ আলী সুজনের প্রতিবেশী আচমিতা ইউনিয়নের সমাজসেবক মাহতাব উদ্দিন জানান, ছয় মাস পূর্বে সুজন দেশে এসেছিলো। মাস দেড়েক ছুটি শেষে আবার সৌদিতে চলে যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাইট ডিউটিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর সংবাদ শুনে খুবই মর্মাহত হয়েছি। সুজনের মা-বাবা জীবিত নেই। মৃত্যুকালে অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। সুজনের স্ত্রী শাকিলা আক্তার স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে শাকিলা আক্তার এতিম সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন