কুমিল্লা সদর দক্ষিণে প্রতাপপুর-বৈষখোলা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা সদর দক্ষিণে প্রতাপপুর-বৈষখোলা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের প্রতাপপুর (হরকল) কেন্দ্রীয় মসজিদ থেকে বৈষখোলা (আবু জাঙ্গাইল্লা সড়ক) পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং পাশের মসজিদের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ এ সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা ও পানিতে ডুবে যায়, ফলে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। জঙ্গলপুর, নলচর, চাষাপাড়া, উত্তর দয়াপুর, পশ্চিম বামিশা ও আলমপুরসহ অন্তত দুই হাজারের বেশি মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করে।
বক্তারা আরও দাবি করেন, গত আওয়ামী লীগ সরকারের সময় সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে রাজনৈতিক বিবেচনায় উন্নয়ন কাজ থেকে বঞ্চিত করা হয়েছে তাদের এলাকা।
স্থানীয় দুগ্ধ ব্যবসায়ী আবদুস সামাদ বলেন, “গত ২৩ বছর ধরে আমরা শুধু আশ্বাসই শুনে আসছি, কিন্তু সড়কের কোনো উন্নয়ন হয়নি। আমাদের সন্তানরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।”
আরেক ব্যবসায়ী সোলেমান বলেন, “প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করলেও আমাদের দুর্ভোগের কথা কেউ শোনেনি। আমরাও চাই দ্রুত সড়কটি সংস্কার করা হোক।”
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাইদুল জানায়, “বৃষ্টির দিনে আমরা স্কুলে যেতে পারি না। গেলে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। আমরা চাই, সরকার যেন আমাদের চলাচলের ব্যবস্থা করে।”
এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, “জনসম্পৃক্ত বিষয়ে আমরা সবসময় সচেষ্ট। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে জানালে আমরা গুরুত্ব সহকারে দেখব।”
মানববন্ধনে যশপুর, জঙ্গলপুর, নলচর, চাষাপাড়া, উত্তর দয়াপুর, পশ্চিম বামিশা ও আলমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন