পারভেজের টর্নেডোর পর জোড়া উইকেট মোস্তাফিজের

পারভেজের টর্নেডোর পর জোড়া উইকেট মোস্তাফিজের

ফন্ট সাইজ:

লাহোরের আকাশ মেঘলা থাকলেও গাদ্দাফি স্টেডিয়ামের ২২ গজ মেতে ওঠে দুই বাংলাদেশির আলোকছটায়। বৃষ্টির বাগড়ায় ১৩ ওভারে নেমে আসা ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে ২০ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় লাহোর কালান্দার্স। শুক্রবারের এই জয়ের নেপথ্য নায়ক দুই টাইগার ক্রিকেটার পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৩ ওভারে ৫ উইকেটে ১৮৫ রানের পাহাড় গড়ে লাহোর। রান তাড়ায় ৫ উইকেটে ১৬৫ রানে থামে মুলতান। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চলমান আসরে প্রথম দুই ম্যাচে চারে নেমে থিতু হতে পারেননি পারভেজ। তবে মুলতানের বিপক্ষে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেন ওপেনিংয়ে সুযোগ পেয়েই। প্রথম ৯ বলে ৭ রান নিয়ে শুরুটা ধীরেসুস্থেই করেন তিনি। তবে এরপর ধারণ করেন রুদ্রমূর্তি। মোহাম্মদ নেওয়াজকে টানা দুই ছক্কা ও এক চার মেরে ডানা মেলেন এ বাঁহাতি ব্যাটার। এরপর ফয়সাল আকরামকে হ্যাটট্রিক ছক্কায় উড়িয়ে রীতিমতো টর্নেডো বইয়ে দেন তিনি। মোহাম্মদ ইসমাইলের বলে বাউন্ডারি লাইনে ধরা পড়ায় ব্যক্তিগত ফিফটি থেকে ৫ রান দূরে থাকতেই থামতে হয় পারভজেকে। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ৪৫ রানের ক্যামিও খেলেন তিনি। ৫ ছক্কা ও ২ চারে সাজানো এই বিধ্বংসী ইনিংসটি স্রেফ ১৩ ওভারে লাহোরকে ১৮৫ রানের পাহাড়সম পুঁজি গড়তে সাহায্য করে।

মুলতানের রান তাড়ার সময় দৃশ্যপটে আসেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারেই নিয়ন্ত্রিত বোলিংয়ে সাজঘরে ফেরান গত ম্যাচের সেঞ্চুরিয়ান সাহিবজাদা ফারহানকে (২৪)। দলীয় ষষ্ঠ ওভারে স্রেফ ৫ রান দিয়ে লাহোরকে ব্রেক-থ্রু এনে দেন দ্য ফিজ। দ্বিতীয় স্পেলে ফিরে কিছুটা খরুচে হলেও, দলের জন্য গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিতে ভুল করেননি এ বাঁহাতি পেসার। বিপজ্জনক হয়ে ওঠা শান মাসুদকে (১৮ বলে ৪৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলে মুলতানের জয়ের স্বপ্নে বড় ধাক্কা দেন তিনি। শেষ ওভারে দুটি ছক্কা হজম করলেও, ৩ ওভারে ৩৭ রানে ২ উইকেট নিয়ে দলের সফলতম বোলার মোস্তাফিজই। আসরে এটিই তার প্রথম জোড়া উইকেট শিকার।
লাহোরের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৬০ রান করে ম্যাচ সেরা হন মোহাম্মদ নাঈম। শেষ দিকে মুলতান অধিনায়ক অ্যাশটন টার্নার ২২ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেললেও তা দলকে হার থেকে রক্ষা করতে পারেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন