সকালে নিখোঁজ সন্ধ্যায় মিললো বিএনপি নেতার লাশ

ফন্ট সাইজ:

সকাল থেকেই পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে পাওয়া গেল তার লাশ। স্বাভাবিক মৃত্যু নাকি নেপথ্যে অন্য কিছু- এনিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর বিএনপি নেতার লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খাল থেকে তার মরদেহ উদ্ধারা করা হয়। নিহত ওই বিএনপি নেতার নাম শাহিন মিয়া (৫৫)। তিনি সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি। তিনি রায়পুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে শাহিন মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। পরে সন্ধ্যার দিকে উপজেলার গয়ঘর এলাকায় একটি খালে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। হঠাৎ করে তার এমন মৃত্যুর খবরে দলের নেতাকর্মী, প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমেছে। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মানবজমিনকে জানান বিএনপি নেতা শাহিন মিয়ার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে। তবে বিষয়টি নিয়ে তদন্ত কাজ চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন