‘বাউফলে কোনো অপরাধীর ঠাঁই হবে না’

ফন্ট সাইজ:

বাউফলসহ চন্দ্রদ্বীপের মাটিতে কোনো অপরাধীর ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল)-এর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। শুক্রবার দুপুরে চন্দ্রদ্বীপ ইউনিয়নে আয়োজিত এক পথসভায় তিনি অনলাইনে সরাসরি যুক্ত হয়ে এ কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। চন্দ্রদ্বীপ ইউনিয়নের জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হবে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, চরাঞ্চলের খাসজমি নিয়ে সাধারণ মানুষের যে দীর্ঘদিনের বঞ্চনা রয়েছে, তা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। সন্ত্রাস, ডাকাতি ও সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, এই মাটিতে কোনো অপরাধীর ঠাঁই হবে না।

পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, এডভোকেট মুনতাসির মুজাহিদ, সাবেক ছাত্রনেতা আতিক নজরুল প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন