মধুপুরে কাপড়ের মার্কেটে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষতি

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পোশাক বিপণিবিতান সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটটির প্রথম ও দ্বিতীয় তলার পোশাক দোকানগুলোর দুইটি গুদাম। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উপজেলার পৌর শহরের সাথীর মোড় সংলগ্ন সাবা স্কয়ার মার্কেটে শুক্রবার দুপুর ৩টার সময় হঠাৎ করে তৃতীয় তলার একটি রুম থেকে ধোঁয়া উঠতে দেখে পাশের অন্য মার্কেটের দোকানদারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দিশাহারা হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই পুরো তৃতীয় তলার দু’টি পোশাক গুদামে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস আসতে আসতেই তা পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ও ধনবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আর এতে ক্ষতি হয়েছে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত স্থানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন