বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই নানা ইস্যুতে চাপ সামলাতে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে । ঢাকার ক্লাব ক্রিকেট ঘিরে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে। ক্লাব সংগঠকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে স্থবির হয়ে আছে পুরো কাঠামো। মাঠে না গড়ানোর শঙ্কায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। ঘরোয়া ক্রিকেটের এই অনিশ্চয়তার মধ্যে আজ সকাল ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বসছে পরিচালনা পর্ষদের সভা। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এই সভায় অংশ নেবেন পরিচালকরা। যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তারা অনলাইনে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। সভার মূল আলোচ্য বিষয় ঢাকার ক্লাব ক্রিকেট। সম্প্রতি ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিসিবিকে একটি চিঠি দিয়েছে। সেই চিঠির প্রস্তাব ও দাবিগুলোর বাস্তবায়নই থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ক্লাব ক্রিকেটের চলমান সংকট কাটাতে কী পদক্ষেপ নেয়া যায়, সেটি বের করার চেষ্টা করবেন বোর্ড পরিচালকরা। মিটিংয়ে ঢাকা লীগ আয়োজন নিয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর পাশাপাশি নিয়মিত প্রশাসনিক বিষয়গুলোও থাকবে আলোচনায়। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়েও কথা হবে। আন্তর্জাতিক সূচি সামনে রেখে দলের প্রস্তুতি, ব্যবস্থাপনা ও পরিকল্পনা গুরুত্ব পাবে এই বৈঠকে। বোর্ড মিটিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু-বিসিবি’র মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেনের পদত্যাগ। সম্প্রতি তিনি পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান। তবে এখনো তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি বিসিবি সভাপতি। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজকের সভায়। ফলে বোর্ডের অভ্যন্তরীণ কাঠামোতেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে বিসিবি’র সর্বশেষ নির্বাচনের ব্যাপারে তদন্ত করতে জাতীয় ক্রীড়া পরিষদ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটির কার্যক্রম এখনো চলমান। ইতিমধ্যে বিসিবি’র বেশ কয়েক জন পরিচালক সেই কমিটির সামনে সাক্ষাৎকারও দিয়েছেন। তবে এই সংবেদনশীল বিষয়টি বোর্ড সভায় আলোচনায় আসবে কিনা, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঢাকার ক্লাব ক্রিকেট, ঢাকা লীগ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রশাসনিক পরিবর্তন এবং আন্তর্জাতিক সিরিজ মিলিয়ে এক জটিল পরিস্থিতির মুখোমুখি বিসিবি।
ঘরোয়া ক্রিকেট নিয়ে বিসিবি’র সভা আজ
স্পোর্টস রিপোর্টার
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
