চট্টগ্রামের সাতকানিয়ায় পরিকল্পিত হামলা ও লুটপাটের মূল ইন্ধনদাতা হিসেবে অভিযোগ উঠেছে উপজেলার ধর্মপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ইলিয়াস চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে অপরাধীদের বিচার দাবি করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে ধর্মপুর ইউপি’র চাঁদেরপাড়া এলাকায় আকতার আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলন পরিবারের পক্ষে আকতারের ভাই শাহ আলম বলেন- সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইলিয়াসের ইন্ধনে একই এলাকার ফরিদ মিয়া, ভোলা চক্রবর্তী, আশিক, শহীদ উদ্দিন সুমনসহ আরও অন্তত ১৫-২০ জন অস্ত্রসহ পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।
এ সময় তারা আমাদের পরিবারের সদস্যদের শারীরিকভাবে আঘাত করেছে। আমরা এর বিচার দাবি করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন- মূলত আধিপত্য বিস্তার ও আমাদের পরিবারকে ধ্বংসের জন্য এ হামলা করেছে। সে চেয়ারম্যান থাকাকালীনও একাধিকবার হামলা চালিয়েছে। স্থানীয় সুত্র জানায়, আকতার আর ইলিয়াসের মধ্যে দ্বন্দ্ব রাজনৈতিক। পরবর্তী ইউপি নির্বাচনে দু’জনেরই প্রার্থিতার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে মূলত প্রতিপক্ষকে কোণঠাসা করার চেষ্টার অংশই হলো এই হামলা। তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করার কথা স্বীকার করে ইলিয়াস মানবজমিনকে বলেন- আমি নির্বাচন করবো ঠিকই কিন্তু আধিপত্য বিস্তার কেন করতে যাবো। মূলত এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। আমাকে অহেতুক জড়ানো হচ্ছে। জানতে চাইলে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী মানবজমিনকে বলেন-প্রাথমিকভাবে এটি রাজনৈতিক প্রতিহিংসা বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
