মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর শতাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর শতাধিক ককটেল বিস্ফোরণ

ফন্ট সাইজ:

মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় শামসু সরদার ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে এবং কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জানা যায়, মোস্তাফাপুর বাসস্ট্যান্ড এলাকায় শামসু সরদার (ওরফে কোপা শামসু) ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে শামসু সরদারের লোকজন হাওলাদার গ্রুপের ঢালী বংশের একটি বাড়িতে হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে একাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলাকালে পুলিশের ভূমিকা ছিল নীরব, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন