কুলাউড়ায় সহস্রাধিক পানগাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়ায় সহস্রাধিক পানগাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ার ইছাছড়া পুঞ্জির বাসিন্দা অনন্ত-সরিস লামারাই দম্পতির পান জুম থেকে প্রায় ১ হাজার ২০০ পান গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার কুলাউড়া শহীদ মিনার এলাকায় ভুক্তভোগী ও খাসিয়া-গারো আদিবাসীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে সংহতি জানান- বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে শনিবার (২৮শে মার্চ) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুলাউড়া থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন- কয়েক বছরের চেষ্টার পর একটি পান গাছে পান আসতে শুরু করে। অথচ কয়েক ঘণ্টায়ই আমাদের সকল স্বপ্ন ধূলিসাৎ করে দেয়া হয়েছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বক্তারা অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের পাশাপাশি আদিবাসী পানচাষিদের পানজুম ও জীবন-জীবিকার নিরাপত্তা প্রদানের দাবি জানান। পরে ৫ দফা দাবিনামা সংবলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেয়া হয়। মানববন্ধনে কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সভাপতি প্রত্যুষ আসাক্রা’র সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন-কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুবরাজ এর সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাংসহ প্রমুখ। কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বলেন-অভিযোগ পেয়েছি। অভিযোগে সুনির্দিষ্ট কারও নাম নেই। তবে আমরা খতিয়ে দেখছি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন