ময়মনসিংহের মুক্তাগাছায় বাবাকে শিক্ষা দিতে ছুটিতে বাড়িতে আসা সেনাসদস্য ছেলের নেতৃত্বে জুয়ার আসরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় জুয়া খেলতে আসা লুৎফুর রহমান সাজু (৫৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দুল্লা ইউনিয়নের ইছাখালী টগারঘাট এলাকায় জুয়া খেলার আসরে এ ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান সাজু দুল্লা ইউনিয়নের চণ্ডিমণ্ডপ চতল গ্রামের বাসিন্দা। তিনি দুল্লা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য।
আহতরা হলেন- বিন্নাকুড়ি এলাকার আব্দুল্লাহ ওরফে লম্বা আব্দুল্লাহ, মলাজানির খাটো আব্দুল্লাহ ও টগারঘাটের আঃ রহিম। পরে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুল্লা ইউনিয়নে মলাজানি, বিন্নাকুড়ি, চতল, ইছাখালীসহ বিভিন্ন এলাকায় নিয়মিত জুয়ার আসর বসতো। তারা পুলিশের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলে আসছে। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন। তবে, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এই জুয়ার আসরে বিন্নাকুড়ি গ্রামের আব্দুল্লাহ প্রতিনিয়ত জুয়া খেলতেন। আব্দুল্লাহ’র ছেলে সেনাসদস্য জাহিদুল ছুটিতে এসে বিষয়টি জানতে পেরে জুয়ার আসর ভাঙতে এবং বাবাকে শিক্ষা দিতে স্থানীয় লোকজনকে সংগঠিত করে গত বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থলে যান। জুয়ার আসরে বাবাকে দেখতে পেয়ে সেখান থেকে ফেরাতে বাবাসহ জুয়াড়িদের গালাগাল করেন।
একপর্যায়ে সেখানে থাকা লুৎফর রহমান সাজু প্রতিবাদ করলে সেনাসদস্য জাহিদুল ও তার সঙ্গে আসা লোকজন মিলে তাকেসহ চার জুয়াড়িকে মারধর করে। এতে লুৎফর রহমান সাজু অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচা অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রশীদ বলেন, ওইখানে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে জুয়া খেলার আসর বসতো। সেখানে নিয়মিত জুয়া খেলতেন আব্দুল্লাহ। তার ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। ছেলে তার বাবাকে শিক্ষা দিতে লোকজন নিয়ে জুয়া খেলা ভাঙতে যান। সেখানে গিয়ে ঝগড়ার একপর্যায়ে সেনাসদস্য জাহিদুল তার লোকজন নিয়ে লুৎফর রহমান সাজুসহ বেশ কযেকজনকে মারধর করেন। পরে লুৎফুর রহমান সাজুকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো নিহতের স্বজনদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করেনি। পরিবার থেকে অভিযোগ দিলে মামলা নেয়া হবে।
বাবাকে শিক্ষা দিতে জুয়ার আসরে ছেলের হামলা বিএনপি নেতার মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
