অনিয়ম-দুর্নীতি ও নৈতিক স্খলনসহ নানা অভিযোগে সাতক্ষীরার কাটুনিয়া-রাজবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহাবকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক নাছিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গত ৯ই মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে ওয়াহাবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের প্রেক্ষিতে তদন্ত শেষে এ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। আদেশে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি নানা ধরনের অনিয়ম দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছে। ওয়াহাব শ্যামনগর সদরের বাদঘাটা গ্রামের মৃত সোলেমান গাজীর ছেলে। স্থানীয়রা জানান, বিগত সময় তিনি কলেজে নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং নারীঘটিতসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এ নিযে এলাকাবাসী প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। একইসঙ্গে বিভিন্ন দপ্তরে অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমলে নেন। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করে অভিযোগসমূহ যাচাই বাছাই করা হয় এবং প্রমাণের ভিত্তিতে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করে। কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বরখাস্ত হওয়া অধ্যক্ষ আব্দুল ওয়াহাবের সঙ্গে কলেজ সংক্রান্ত কোনো ধরনের প্রশাসনিক বা একাডেমিক যোগাযোগ না রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন। পাশাপাশি কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
অনিয়ম-দুর্নীতির অভিযোগে অধ্যক্ষকে স্থায়ী বরখাস্ত
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
