মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে শামসুদ্দিন খান খোকন নামে এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে প্রশাসন। শামসুদ্দিন লতব্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রামকৃষ্ণদি এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। অভিযানকালে একটি ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেয়া হয়। একইসঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এস্কেভেটর) সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। এ ঘটনায় শামসুদ্দিনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানাকে নির্দেশ দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী, সার্কেল এএসপি মো. আনোয়ার পারভেজ, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিম এবং সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান। স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারাগারে থাকার সুযোগে শামসুদ্দিন কৌশলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। এরপর তিনি একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তুলে ফসলি জমির উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির কার্যক্রম চালিয়ে আসছিলেন।
সিরাজদিখানে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, চেয়ারম্যান গ্রেপ্তার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
