সুবর্ণচরে ছাদের পানির ট্যাংকি থেকে ডিজেল জব্দ

সুবর্ণচরে ছাদের পানির ট্যাংকি থেকে ডিজেল জব্দ

ফন্ট সাইজ:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক বসতবাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় পেট্রোলিয়াম আইন অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে অভিযুক্ত বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বসুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। অভিযানে বসুর বাড়ির ছাদের পানির ট্যাংকিতে বিপুল পরিমাণ ডিজেল মজুতের প্রমাণ পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায়, কিছুদিন ধরে পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পানির পরিবর্তে ট্যাংকিতে তেল থাকার বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে অভিযুক্ত বলছে, তার ট্রলারের জন্য চট্টগ্রাম থেকে এই তেল আনা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দ করা ডিজেল বাজেয়াপ্ত করে চর হাসান ভূঁইয়ার হাট-বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন