যুবদল নেতার ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকে জড়ানোর অভিযোগ

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জে মো. বাবুল মিয়া (৪০) নামে এক যুবদল নেতার হাত-পা ভেঙে দেয়ার ঘটনায় অপপ্রচারের অভিযোগ তুলেছেন সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও লতিবাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান সহিদুল ইসলাম শহীদ। বৃহস্পতিবার জেলা শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় প্রকৃতভাবে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত ৩১শে মার্চ লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল মিয়ার ওপর হামলার ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই। সহিদুল ইসলাম শহীদ বলেন, ঘটনার সঙ্গে আমি নিজে জড়িত থাকা তো দূরে থাক, এ ব্যাপারে আমি সম্পূর্ণ অজ্ঞাত। কিন্তু তারপরও কোনো একটি মহল আমাকে এই ঘটনায় জড়িয়ে দেয়ার পাঁয়তারা করছে। যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদীত অপপ্রচার ও ভিত্তিহীন। তিনি বলেন, ঘটনার সময় এবং পরবর্তী সময়ে আমি আমার ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম।

রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার এবং আমার অর্জিত সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যেই এই সাজানো অভিযোগ তোলা হচ্ছে। সহিদুল ইসলাম শহীদ তার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্যও সকলের প্রতি অনুরোধ জানান।

প্রসঙ্গত, বাবুল মিয়া লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গত ৩১শে মার্চ দুপুর ১২টার দিকে আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে তার নিজের রেস্টুরেন্ট ‘নিঝুম রেস্তরাঁ’য় আক্রান্ত হন। হত্যার উদ্দেশ্যে রামদা ও লোহার রড দিয়ে বাবুলের দুই হাত ও দুই পা’য়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তার হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তিনি বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন