চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ‘তাউলু কোচ’ হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন সিলেটের মো. আনোয়ার হোসেন। গত ২৩ থেকে ৩১শে মার্চ ২০২৬ পর্যন্ত তিয়ানজিং অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে এই বিশ্ব আসর অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে ১০ম বিশ্ব জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপের আয়োজক কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝাং ইউপিং-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে অংশগ্রহণ সনদ গ্রহণ করেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের সেরা উশুকাদের উপস্থিতিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের তাউলু ইভেন্টের কোচ হিসেবে গুরুদায়িত্ব পালন করেন মো. আনোয়ার হোসেন। তার দক্ষ নির্দেশনায় বাংলাদেশের তরুণ উশুকা দল আন্তর্জাতিক এই আসরে দেশের নাম উজ্জ্বল করেছে। অলিম্পিক সেন্টার জিমনেসিয়ামে সপ্তাহব্যাপী চলা এই আসরটি ছিল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ জুনিয়র উশু প্রতিযোগিতা। সমাপনী দিনে আন্তর্জাতিক উশু ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের হাত থেকে সনদ গ্রহণ করেন তিনি। তার এই অর্জন বাংলাদেশের উশু অঙ্গনে বিশেষ করে সিলেটের ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। এই প্রাপ্তি সম্পর্কে মো. আনোয়ার হোসেন বলেন, বিশ্বের সেরা উশু কোচদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। আন্তর্জাতিক উশু ফেডারেশনের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য গর্বের। টিমের দলনেতা ও সান্দা কোচ হিসেবে বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু ও তাউলু দলনেতা হাবিবুর রহমান রুবেলসহ পাঁচজন খেলোয়ার চীনের তিয়ানজিং শহরে অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন।
চীনে ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের কোচ আনোয়ারের কৃতিত্ব
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
