ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনায় দ্রুত বিচার ও বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও নিহতের পরিবার। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে এ কর্মসূচি শুরু হয়। ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ শেষে শিক্ষার্থীরা লং মার্চ টু পুলিশ সুপার কার্যালয় ও ঘেরাও কর্মসূচি পালন করেন। পরে শিক্ষার্থী প্রতিনিধি ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শওকত মো. হাসান ইমামের বৈঠক অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিহত রুনার স্বামী ইমতিয়াজ সুলতান তার সন্তানসহ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মামলার আসামি বিশ্বজিৎ ও শ্যাম সুন্দর হাইকোর্টে ঘোরাঘুরি করলেও প্রশাসন এখন পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি। তারা অভিযোগ করেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হত্যার এক মাস পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না হওয়া বিচারহীনতার সংস্কৃতিকেই প্রমাণ করে। বক্তারা আরও বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বলেন, তার স্ত্রী মৃত্যুর আগে যে ষড়যন্ত্রের শিকার ছিলেন, মৃত্যুর পরও সেই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, প্রশাসন একক সিদ্ধান্তের একটি নীলনকশা বাস্তবায়ন করতে চাইছে। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগের অর্থ তছরুপের অভিযোগও রয়েছে, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের নীলনকশা বাস্তবায়নকারীদের অন্যতম মাস্টারমাইন্ড হাবিবুর রহমান। অপরদিকে শ্যাম বিভাগের লাখ লাখ টাকা তছরুপ করেছে।
উল্লেখ্য, গত ৪ঠা মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিজ দপ্তরে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় পরদিন নিহতের পরিবার ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ ফজলুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠালেও অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে।
ইবি শিক্ষক রুনা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ এসপি কার্যালয় ঘেরাও
কুষ্টিয়া প্রতিনিধি
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
