ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা যুদ্ধের সময়কার একটি অবিস্ফোরিত মর্টারশেল নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামের নোয়াগাঁও কবরস্থানের পার্শ্ববর্তী পুকুর পাড়ে এটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে গত রোববার বড়হরণ গ্রামের ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর খননের কাজ করার সময় মর্টারশেলটি উদ্ধার করা হয়। এরপর থেকে গত চারদিন ধরে মর্টারশেলটি পুলিশের নিরাপত্তা বেষ্টনিতে ছিল। পুলিশ হেডকোয়ার্টারের মাধ্যমে খবর পেয়ে বোম ডিস্পোজাল ইউনিটের চার সদ্যস্যর একটি দল ব্রাহ্মণবাড়িয়া আসে। মর্টারশেলটি নিষ্ক্রিয় করার পর পুলিশের বোম ডিস্পোজাল ইউনিটের পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার বলেন, ধারণা করা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় এটি ছোড়া হয়েছিল। সেটি কোনো কারণে অবিস্ফোরিত থেকে যায়। সবধরনের নিরাপত্তা নির্দেশনা মেনে মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়। এখন কোনো ধরনের ঝুঁকি নেই। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মর্টারশেলটি পাওয়ার পর থেকে পুলিশ এটিকে নিরাপত্তার বেষ্টনিতে রেখেছিল। পুলিশের বোম ডিস্পোজাল ইউনিট এসে এটিকে নিষ্ক্রিয় করেছে। উল্লেখ, বড়হরণ গ্রামে ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর খননের কাজ চলছে। গত রোববার দুপুরে শ্রমিকরা কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎ করেই মর্টারশেলটি দেখতে পান। পরে বিষয়টি দ্রুত স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই মর্টারশেলটি ব্যবহার করা হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়ায় অবিস্ফোরিত মর্টারশেল নিষ্ক্রিয়
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
