কমলগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি

কমলগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি

ফন্ট সাইজ:

রিয়া বেগম নামে এক গর্ভবতী নারীকে বাগান ব্যবস্থাপক চিকিৎসা সহায়তা না করায় মৃত্যুর অভিযোগে কমলগঞ্জের দেওরাছড়া চা বাগানে কর্মবিরতি পালন করেছেন সাধারণ চা শ্রমিকরা। এ সময় নানা স্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বাগানের কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করা হয়। এর আগে গত বুধবার রাতে সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চা শ্রমিক রিয়া বেগমের মৃত্যু হয়। রিয়া বেগম বাগানের স্থায়ী শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী। চা শ্রমিকরা জানান, চা শ্রমিক রিয়া গর্ভবতী অবস্থায় অসুস্থ হলে তার চিকিৎসায় বাগান ব্যবস্থাপকের কাছ থেকে চিকিৎসা সহায়তা পায়নি- এমন অভিযোগে চা শ্রমিকরা উত্তেজিত হয়ে বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি কর্মসূচিতে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, নাজির আহমদ, সঞ্জয় কানু, পলাশ কর্মকার, ছালু মিয়া, লক্ষ্মী নারায়ণ মাল, ইব্রাহিম মিয়াসহ চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। কর্মবিরতির খবর পেয়ে মনু দলই ভ্যালি সভাপতি ধনা বাউরী, রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার, রহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অলিউর রহমান জয়নু, মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটন শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন