কটিয়াদীতে দুইদিনে ৫ শিশুর হাম শনাক্ত

কটিয়াদীতে দুইদিনে ৫ শিশুর হাম শনাক্ত

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুইদিনে পাঁচ শিশুর হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে জারা মনি নামে একজন শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। অপর চারজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে আইসোলেশনে রয়েছে। আক্রান্ত পাঁচ শিশুর মধ্যে দুইজনের বয়স ৭ মাস এবং বাকি তিনজনের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে বলে জানা গেছে। গতকাল হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে জ্বর, সর্দি-কাশি ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে অভিভাবকগণ তাদের শিশু সন্তানদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাদের স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। সেই রিপোর্টে তাদের শরীরে হাম শনাক্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের শিশু বিভাগে একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। হামে আক্রান্ত জারা মনির পিতা জসিম জানান, চারদিন পূর্বে সন্তানের জ্বর হলে হাসপাতালে নিয়ে আসেন। রিপোর্টে মেয়ের শরীরে হাম শনাক্ত হয়। বর্তমানে চিকিৎসা চলছে এবং তার অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ঈশা খান বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা বিশেষ করে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা গ্রহণ না করলে এ রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার অনিক বলেন, সকল শিশু আক্রান্ত হয়েছে তাদেরকে আগে চিকিৎসা নিতে হবে। সুস্থ হলে তাদেরকে টিকা দেয়া হবে। টিকার কোনো ঘাটতি নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন