মৌলভীবাজারে হাম নিয়ে বাড়ছে আতঙ্ক, শনাক্ত ৭

মৌলভীবাজারে হাম নিয়ে বাড়ছে আতঙ্ক, শনাক্ত ৭

ফন্ট সাইজ:

মৌলভীবাজার জেলা জুড়ে হাম রোগ নিয়ে আতঙ্ক বাড়ছে। হঠাৎ করেই হামের উপসর্গ নিয়ে জেলা ও উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হচ্ছেন রোগীরা। ক্রমেই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সেইসঙ্গে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষ করে ১ থেকে ৫ বছরের কমবয়সী শিশুসহ স্কুলগামী শিশুশিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা রয়েছেন দুশ্চিন্তায়। জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের আইসোলেশনে রেখে আলাদা চিকিৎসা দিচ্ছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। জানা যায়, ভর্তি হওয়া রোগীর মধ্যে বেশির ভাগই ১ থেকে ৫ বছরের শিশু। তবে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগী বা যাদের পজিটিভ রিপোর্ট এসেছে তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। ইতিমধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের ৫ম তলায় একটি কক্ষে ২০ শয্যা হাম রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। সেখানে উপসর্গ নিয়ে ১৪ জন রোগী ভর্তি রয়েছেন। প্রয়োজনে তা আরও বর্ধিত করা হবে। এ ছাড়া জেলার অন্যান্য সরকারি হাসপাতালেও আলাদাভাবে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের সতর্কতার সঙ্গে চিকিৎসা দেয়া হচ্ছে। তাছাড়া বয়স্ক রোগীদের তাদের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। এমন তথ্য মানবজমিনকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা, রোগী ও রোগীর সেবাকারী স্বজনদের মাস্ক, গ্লাভস পরিধানসহ সচেতনতার সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরও অধিক সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান মানবজমিনকে জানান, জেলার ৭টি উপজেলার মধ্যে হামের প্রাদুর্ভাবের রোগী এপর্যন্ত বড়লেখায় ১০ জন, জুড়ীতে ৬ জন, কুলাউড়ায় ১০ জন, রাজনগরে ১০ জন, মৌলভীবাজার সদরে ৭ জন, শ্রীমঙ্গলে ৫ জন, কমলগঞ্জে ৬ জন ও ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে ১৭ জন ও অন্যান্য হাসপাতালে ২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তিনি জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সন্দেহভাজন ৭৩ জন রোগীর স্যাম্পল সংগ্রহ করে ঢাকার মহাখালীর আইপিএস সেন্টারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রেরিত স্যাম্পলগুলোর পরীক্ষায় রিপোর্ট আসতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মৌলভীবাজারে ৭ জন রোগীর শরীরে হাম পজিটিভ ধরা পড়েছে। তবে এখনো প্রেরিত সবগুলো স্যাম্পলের রিপোর্ট আসেনি। মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস মানবজমিনকে জানান, ইতিমধ্যে হাসপাতালের ৫ম তলার একটি কক্ষে ২০টি বেডে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা চলছে। এ পর্যন্ত ওখানে ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে ৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনো ১১ জন ভর্তি আছেন। সতর্কতার সঙ্গে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি জানান, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন