বরগুনায় হামের প্রাদুর্ভাব বেড়েছে, আক্রান্ত ১৮

ফন্ট সাইজ:

বরিশাল বিভাগে সবচেয়ে বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। এ জেলায় এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আসা ৯৮ জনের মধ্যে ১৮ জনের হাম এবং একজনের রোবেলা শনাক্ত হয়েছে। এ ছাড়া হাম সন্দেহে নতুন করে তিন বৃদ্ধকেও বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, হাঁচি-কাশি এবং স্পর্শের মাধ্যমে হাম সংক্রমিত হচ্ছে। হাম আক্রান্তদের চিকিৎসার জন্য জেলায় ৩৭টি শয্যা প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসক। বরগুনা সদর হাসপাতালে আরিফ নামের এক শিশুর অভিভাবক বলেন, এখন একটু সুস্থ। আমরা অনেকদিন ধরে হাসপাতালে। হামের টিকার এক ডোজ ব্যতীত বাকি সব ডোজ দেয়া হয়েছে বলেও জানান তিনি। ফাতিহা নামের এক শিশুর মা বলেন, জ্বরসহ বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছিল বাচ্চার। পরে বাইরে ডাক্তার দেখিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাই বুধবার হাসপাতালে ভর্তি করেছি। এখন বাবু একটু সুস্থ। এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মেহেদী পারভেজ বলেন, বরগুনায় প্রায় এক মাস ধরে হামের প্রকোপ চলছে। প্রতিদিনই বহির্বিভাগে অন্তত ২০ জন হামের উপর্সগ নিয়ে রোগী আসেন। এদের মধ্যে যারা একটু সুস্থ তাদের বাসায় চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। আর যারা অসুস্থ তাদের হাসপাতালে ভর্তি দেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন