সিরাজগঞ্জে ১ হাজার ৭২৭ লিটার জ্বালানি জব্দ

সিরাজগঞ্জে ১ হাজার ৭২৭ লিটার জ্বালানি জব্দ

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের কাজিপুরে অনুমোদনহীন এক তেলের দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ৭২৭ লিটার জ্বালানি জব্দ ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনামুখী বাজার এলাকার ‘মেসার্স এসআর ফুয়েল ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জ্বালানি জব্দ ও অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত শাহা আলম (৩২) সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের আজাহার আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তিনি মানবজমিনকে জানান, অবৈধভাবে দোকানে মজুত করা ৫টি ড্রামে এক হাজার ৩৩ লিটার পেট্রোল ও ৬৯৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় দোকান মালিক শাহা আলম জ্বালানি মজুতের কোনো কাগজপত্র দেখাতে না পেরে অপরাধ স্বীকার করেন। পরে আইন অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়। কিন্তু তাৎক্ষণিক অভিযুক্ত অর্থ প্রদান ও ভবিষ্যতে এমন অন্যায় করবে না বলে মুচলিকা দেন। জব্দকৃত জ্বালানি বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন