চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিজয় স্মরণীয় কলেজ মাঠে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্পমেলার প্রস্তুতিকে ঘিরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। তাদের আশঙ্কা, এ মেলার কারণে কলেজের একাডেমিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
সরজমিন দেখা গেছে, মহাসড়ক সংলগ্ন কলেজ মাঠ জুড়ে ইতিমধ্যে প্যান্ডেল নির্মাণের কাজ জোরেশোরে চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম নামের এক ব্যক্তি মেলার আয়োজন করছেন এবং বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছে স্টল বরাদ্দের নামে অর্থ গ্রহণ করছেন। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, কলেজ মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ স্থান। সেখানে মেলা বসানো হলে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে। এ ছাড়া মহাসড়কের পাশে মেলা আয়োজনের ফলে যানজট বৃদ্ধি ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। একজন অভিভাবক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের আয়োজন কখনোই কাম্য নয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হবে। পাশাপাশি বাইরের মানুষের অবাধ যাতায়াত নিরাপত্তার জন্যও হুমকি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, মেলার অনুমতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে দেয়া হয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় প্রতিবেদনও পাঠিয়েছি।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ১৫টি শর্তসাপেক্ষে মেলার অনুমতি দেয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে- সরকারি রাস্তা বা চলাচলের পথ ব্যবহার না করা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে এমন কোনো কার্যক্রম পরিচালনা না করা। আয়োজক নুরুল আলম দাবি করেন, আমরা যথাযথ অনুমতি নিয়েই মেলার আয়োজন করছি। স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোনো কার্যক্রম চালানো হবে না।
সীতাকুণ্ডে কলেজ মাঠে মেলার প্রস্তুতি, অভিভাবকদের উদ্বেগ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
