ফরিদপুরের মধুখালীর রাজবাড়ী ভাটিয়াপাড়া লক্ষ্মণদিয়া নামক স্থানে রেলে কাটা পড়ে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দেড়টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম- মো. তাইব (৫) ও মো. তাহমিদ (৫)। তারা একই গ্রামের মো. আকাশ শেখের যমজ সন্তান। নিহতদের পিতা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিকসের দোকানে কাজ করতে যান।
হঠাৎ করেই তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে চাপা পড়েছে। এ কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি আরও বলেন, এটি একটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
