ভুয়া জজ পরিচয় দিয়ে তহসিলদার আটক

ফন্ট সাইজ:

পাবনার ঈশ্বরদীতে নিজেকে জেলার সহকারী জজ পরিচয় দিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় ছদ্মবেশে অবস্থানকালে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে এক নারীকে সঙ্গে নিয়ে ঈশ্বরদী থানার ওসির কক্ষে যান ওই ব্যক্তি। সেখানে তিনি নিজেকে যশোর জেলা আদালতের সহকারী জজ হিসেবে পরিচয় দেন। নিজেকে বিচারক দাবি করে তিনি সে রাতে পুলিশি পাহারায় থাকার জন্য ওসির সহযোগিতা চান। তবে কথা বলার একপর্যায়ে তার আচরণ ও চালচলনে অসংলগ্নতা ধরা পড়ে। এতে ওসির সন্দেহ হলে তিনি দ্রুত ওই ব্যক্তির পরিচয় যাচাই শুরু করেন। খোঁজ নিয়ে জানা যায়, তিনি কোনো বিচারক নন, বরং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। জালিয়াতি ধরা পড়ার বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে আসা ওই নারী কৌশলে থানা থেকে পালিয়ে যান। আটক জিয়া পির মোহাম্মদ আলী যশোরের কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়া আগে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। তবে চারিত্রিক অবনতি ও দুর্নীতির অভিযোগে তিনি চাকরি হারিয়েছিলেন। ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন