নরসিংদীতে তেল, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্ব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিতি ছিলেন- জেলা প্রশাসন, জেলা পেট্রোলপাম্প এসোসিয়েশন, জেলা এলপি গ্যাস এসোসিয়েশন নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শিউলী রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আশিকুর রহমান, নরসিংদী ডিজিএফআই’র সহকারী পরিচালক মো. ইউনুছ আলী, র্যাব-১১-এর সিপিএসসি নরসিংদীর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবু বক্কর মোহাম্মদ হেলাল, জেলা পেট্রোলপাম্প এসোসিয়েশন এর সভাপতি মোমেন মোল্লা, জেলা পেট্রোলপাম্প এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার ৬টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আলাপ-আলোচনার মাধ্যমে দিক-নির্দেশনা দেন। এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের নিজ নিজ এলাকায় স্থাপিত প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োজিত রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ফুয়েল কার্ডের মাধ্যমে মোটরসাইকেলে ৩০০ টাকার তেল সরবরাহ করা হবে। হেলমেট এবং গাড়ির লাইসেন্স না থাকলে তাকে তেল দেয়া হবে না। প্রতিটি পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। কোনো পাম্পমালিক অবৈধভাবে তেল পাচারের চেষ্টা করলে তার লাইসেন্স বাতিল করা হবে। অপরদিকে রোড পারমিট ছাড়া জেলায় কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। আর এ সকল তদারকি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত সর্বক্ষণ নিয়োজিত থাকবে।
নরসিংদীতে তেল-গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে মতবিনিময় সভা
নরসিংদী প্রতিনিধি
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
