দেশের সরকারি-বেসরকারি অধিকাংশ কর্মক্ষেত্রে কর্মজীবী নারীরা মাতৃত্বকালীন ছুটির সুযোগ পেলেও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিবাহিত নারী শিক্ষার্থীরা এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর নারী শিক্ষার্থীরাও মাতৃত্বকালীন ছুটি না থাকায় পড়াশোনা চালিয়ে যেতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। তবে বিষয়টি একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, গর্ভধারণ ও সন্তান জন্মদানের সময় একজন নারীকে শারীরিক ও মানসিকভাবে বড় ধরনের পরিবর্তনের মধ্যদিয়ে যেতে হয়। এসময় নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পরীক্ষা দেয়া কিংবা একাডেমিক চাপ সামাল দেয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় মাতৃত্বকালীন ছুটির সুস্পষ্ট কোনো বিধান না থাকায় শিক্ষার্থীরা অনুপস্থিতি, সেশনজট কিংবা একপর্যায়ে পড়াশোনা বন্ধ করে দেয়ার মতো কঠিন পরিস্থিতিতে পড়ছেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর লিখিত আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন সময়ে পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করেছে। ফলে এখন থেকে সেখানে নারী শিক্ষার্থীরা মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন যা উচ্চশিক্ষা ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। তবে বেরোবিতে এখনো এ ধরনের কোনো নীতিমালা কার্যকর হয়নি। কয়েকজন শিক্ষার্থী জানান, গর্ভাবস্থায় নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে না পারায় উপস্থিতি কমে যায়, যা পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আবার প্রসবের পর শারীরিক দুর্বলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা দেয়া সম্ভব হয় না। এতে সেশনজট তৈরি হয় আবার অনেকের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়ে। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার শিমু বলেন, তার এক পরিচিত শিক্ষার্থী গর্ভাবস্থায় কষ্ট করে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত লিফট সুবিধা না থাকায় ভবনের বিভিন্ন তলায় ওঠানামা করা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। তিনি আরও বলেন, কিছু শিক্ষক সহানুভূতিশীল হলেও অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহানুভূতি পান না। এমন ঘটনাও রয়েছে, যেখানে পরে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়নি। ফলে অনেকেই পড়াশোনা থেকে ঝরে পড়েন। জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক লুবনা আক্তার বলেন, একজন নারীর জীবনে মাতৃত্ব একটি স্বাভাবিক প্রক্রিয়া। চাকরিজীবী নারীদের জন্য যেমন ছুটির ব্যবস্থা রয়েছে, শিক্ষার্থীদের ক্ষেত্রেও তেমন নীতিমালা থাকা প্রয়োজন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ নিয়েছে, সেটি এখনও প্রক্রিয়াধীন। আমরাও বিষয়টি নিয়ে ভাবছি। এটি একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হবে। আমরা চাই উচ্চশিক্ষার এই পর্যায়ে এসে কেউ যেন বঞ্চিত না হয়।
মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত বেরোবি’র নারী শিক্ষার্থীরা, ইতিবাচক ইঙ্গিত উপাচার্যের
বেরোবি প্রতিনিধি
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
