আরাকান আর্মির কবল থেকে মুক্ত ১৪ জেলে দেশে ফিরেছেন

ফন্ট সাইজ:

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হওয়া ১৪ জন বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। তিনদিন পর গত মঙ্গলবার রাত ১০টার দিকে আরাকান আর্মির হেফাজত থেকে মুক্ত হয়ে তারা দেশে ফেরেন। তবে ফিরে এসে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তারা। ফেরত আসা জেলেরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝের পাড়া ও ডাঙ্গর পাড়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেনÑ মোস্তাফিজুর রহমান (৪০), ফরিদ হোসেন (৩০), রবিউল হাসান (১৭), আবুল কালাম (৩০), মীর কাশেম আলী (৪০), গিয়াস উদ্দিন (২৫), সালাউদ্দিন (১৮), মহিউদ্দিন (২২), হোসেন আহম্মদ (৩৮), মলা কালু মিয়া (৫৫), আবু তাহের (৪০), আবদুল খালেক, জাবের মিয়া (২৪) ও রহিম উল্লাহ (২০)। স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিন এলাকা থেকে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় তিনটি মাছ ধরার নৌকাসহ ১৪ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। পরে গত মঙ্গলবার বিকালে মিয়ানমারের মংডু শহরের নাইক্ষ্যংদিয়ায় অবস্থিত একটি ঘাঁটি থেকে তাদের মুক্তি দেয়া হয়। একইদিন রাত ১০টার দিকে তারা শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট দিয়ে দেশে ফিরে আসেন। ফেরত আসা জেলে সালাউদ্দিন জানান, জোয়ার-ভাটার স্রোতে দিকভ্রান্ত হয়ে তারা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে এবং আটক করে নিয়ে নির্যাতন চালায়। এদিকে, একটি বিশ্বস্ত সূত্র দাবি করেছে, সাগরে মাছ ধরার সময় আটক হওয়া আরও অনেক জেলে এখনো আরাকান আর্মির বন্দিদশায় রয়েছেন। যদিও এর আগে বিজিবি’র মাধ্যমে ৭৩ জন জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে, তবুও শতাধিক জেলে এখনো আটক রয়েছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন